Thursday, January 29, 2026

সবুজ

 ধূসর পৃথিবী দিয়ো না আমায়; 

সমুদ্র, খনি, মণি - মাণিক্য নয়

আমায় সবুজ দিয়ো, পুনর্জন্মের থলিতে

সাথে দিয়ো আত্মবিশ্বাস, চেতনা

যাতে ধূসরের বুকে রামধনু এঁকে দিতে পারি।


Friday, January 9, 2026

স্মৃতিচারণের শোকসভা

মানুষ চলে গেলে তার বন্ধু বেড়ে যায়
সবার হঠাৎ মনে পড়ে, 
আহা কি দিন কাটিয়েছি একসাথে!
তার ছোট ছোট জিনিসেও কত গভীর দৃষ্টি ছিল সকলের;
যা কেউ মনে রাখেনি, তা আমার কত স্মরণীয়!
সম্পর্ক সহজ হয় মৃত্যুর পর।
স্বাভাবিক কারণেই হয়তো।
তখন মানুষটাকে পাওয়া যায় সম্পূর্ণ নিজের মত করে -
মতবিরোধের উপায় নেই - যাহা কল্পনা তাহাই সত্য
সত্যরে লও সহজে!
শোকসভা, স্মৃতিচারণ - আসলে বিস্মৃতির অট্টহাস্য
ভুলে যাওয়াই মনে পড়া, দ্বন্দগুলোই যেন জীবনরস।

কিন্তু দরকার আছে - যারা ইহলোকে থেকে যায় তাদের
দরকার আছে - যারা ইহলোকের ভবিষ্যত, তাদেরও।
ছেড়ে যাওয়া, রেখে যাওয়ার মাঝে থেকে যায় কিছু
হিসেব ভাবলে হিসেব; স্মৃতি ভাবলে স্মৃতি; ছোঁয়া ভাবলে তাই।
আকাশ-ভরা সূর্য তারা, তাহারই মাঝখানে
কোনো না কোনো গহ্বরে
 সবাই যেন স্মৃতিসৌধ হয়ে চির-বর্তমান।

Tuesday, January 6, 2026

কম্পন মামা

 কাল শুনেছিলাম বোকা বাক্সে,

দাউ দাউ করে জ্বলছে বাংলাভূমি

দুঃসময় ঘনিয়ে আসছে দ্রুত -

ভয়ে কাঁপতে কাঁপতে বাঙালী 

হঠাৎ কেঁপে উঠলো শীতে -

যেন বাড়ি ফিরে এসেছে মামা

অনেক বছর পর, বিদেশের চকলেট নিয়ে।

এভাবেই কাঁপতে কাঁপতে বাঙালী 

তুমি কাঁপিয়ে তুলো আবার এই ধরিত্রীকে

যাতে আনন্দের বাজারে তোমার মূল্য ফিরে আসে

অনেক দিন আগে বিদেশে চলে যাওয়া মামার মতো ।।


The Song

 The winds shall pass, the sea shall sing The birds will feather, the ink will hide. Yet the song must live on - The one song that the songb...