Tuesday, January 26, 2021

কাঁটাতার

রোদ নামলে বাড়ি ফিরতে হয় 

যতই শীতল বালি ঝলসে উঠুক পূর্ণিমায় 

সন্ধ্যে হলে জঙ্গলে হাঁটা বারণ 

যতই থাক না কেন নিশির প্রলোভন। 

আগুনে পুড়ে ছাই হবে টাংস্টেন

তোমার পদচিহ্ন পাবে চিরপরিচিত লেন 

শুধু কাঁটাতার না মেনে বয়ে যাবে নদী 

এই তো ছিলে, আরেকটু থাকতে যদি। 








Saturday, January 23, 2021

পড়ন্ত আলোয় ফিরে দেখা

শীত যেন এই মরশুমে ঢেউ-এ চেপে এসেছে। আজ আছে তো পরশু নেই। তাই মাঘের শুরুতে কোকিলের ডাক আলগা বসন্তের আভাস স্বরূপ শনিবারের দুপুরে ভালোই নিজের জায়গা করে নিয়েছে। আজ সুভাষ বসুর জন্মদিন, তাই কিছু বাড়ির ছাদে তিরঙ্গাও ভাত ঘুম দিচ্ছে মনোরম বিকেল রোদে। আমি মাদুর পেতে তপন রায়চৌধুরীর "বাঙালনামা" খুলে কমলা লেবুর ছাল ছাড়াচ্ছি, আর সামনের বেল, কাঁঠাল, নীম ও কুল গাছে বিবিধ পক্ষীর দিকে নজর রাখছি।
আমি পাখিদের নাম জানিনা, তাদের ডাক চেনা তো দূরের কথা। তাই কোন কোন পাখি আমার ছাদের পাশে সাম্রাজ্য বানিয়েছে তা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু জানি তারা কেউই কোকিল নয়।

পেছনে দূর থেকে কোকিলের ডাক কানে আসছে। বলাই বাহুল্য, সে ডাকে আচ্ছন্ন করার এক ক্ষমতা আছে। হয়তো এই শব্দ মানেই ছোটবেলার ফাল্গুন-চৈত্রের সুর- যে সুরে পরীক্ষা শেষ হওয়ার গন্ধ ও মামাবাড়ির আদরের ছবি একই সাথে ভেসে আসে। আজ না সেই পরীক্ষা আছে, না মামাবাড়ির আদর। তাই হয়তো বসন্তের সুরও তাল, ছন্দ ভেঙে স্বেচ্ছাতীত সময়ে এসে উপস্থিৎ হয়েছে।




বাঙালনামায় লেখক স্মৃতিচারণ করেছেন কুমিল্লা, বরিশাল, অক্সফোর্ড নিয়ে। আমি কলকাতা, বালুরঘাট, বা কেমব্রিজ নিয়ে ৮0 বছর বয়সে কিছু লিখবো কিনা জানিনা, তবে ৯0 বছরেও যে বাঙালীর চরিত্রে বিন্দুমাত্র ফারাক হয়নি, তা ভালোই বুঝতে পারছি।  


আমার বাড়ি থেকে চার-পাঁচ কি. মি. দক্ষিণে গেলেই বাংলাদেশ বর্ডার। পূব কিম্বা পশ্চিমে গেলেও তাই, শুধু উত্তরে স্বাধীন ভারতবর্ষ। তবে দক্ষিণে যেখানে বর্ডার, সেই গ্রামের নাম ডাঙ্গী। সেখানে বিএসএফ ক্যাম্প ছাড়া একটা ছোট ফরেস্টও আছে নদীর গা ঘেঁষে। সেই ফরেস্টেই ২৬ জানুয়ারি আমরা বন্ধুরা গণতন্ত্রের নিদর্শন দিতে লাহরী মাছ ভাজা খাবো, এমনটাই ঠিক করা হয়েছে। ও, সাথে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, দু ধরণের মাংস, পণীর, ত্রিমহিনীর মিষ্টি দই,ইত্যাদি অনেক কিচুই থাকবে। যদিও আমার সেদিন সাহেবদের সাথে বাড়ি থেকে কাজ করার দিন, তবুও গণতান্ত্রিক বাঙালী-অধিকার তো আর ছাড়া যায় না; সেও তো সাহেবদেরই দান।

মাঝে মাঝে মনে হয়, দেশ বিদেশ ঘুরে আমার মধ্যে কি এলো, আর কি গেল, তার একটা হিসেব করা দরকার। পৃথিবীর বুকে মানুষের যে দাপট, তার কতটা আদৌ আমার মস্তিষ্কে, বুকে বা রন্ধ্রে স্থান পেয়েছে? আর কতটা একটা সাধারণ ঘরের অতি সাধারণ ছেলে এখনও সেখানে নিজের অস্তিত্ব বজায় রেখেছে? এখনও আলমারি খুলে অদ্ভুতুড়ে কান-চাপা টুপি খুঁজে পেলে সেটা পড়েই নির্দ্বিধায় রাস্তায় নামি, অথচ দোতলা বাড়ির মাথায় নতুন করে সিমেন্টের বস্তা দেখতে পেলে মনে মনে আফসোস করি সেই বাড়ির মানুষের প্রতি, কেন সেই টাকা খরচ করে সে ঘুরে বেড়াচ্ছে না।

আর তখনই প্রশ্ন আসে, কি করলাম আমি ঘুরে বেড়িয়ে? কি দেখলাম? কি জানলাম? উত্তর আসে না এমন নয়। নদীকে সমুদ্রে মিশতে দেখেছি, অন্তহীন পাখির ঝাঁক দেখেছি, Assyria, ইজিপ্ট সভ্যতার অসভ্যতা দেখেছি, মানুষের মুখে মাস্ক উঠতে দেখেছি, তদাপি খসে যেতেও, রাষ্ট্রনীতির উপেক্ষা শুনেছি সেই দেশেরই মানুষের মুখে, রাত নামতে দেখেছি English Channel-এর দু ধারেই মধ্যরাতে, Monet-এর Nympheas দেখেছি মুগ্ধ নয়নে, মাইকেলেঞ্জলোর নিজের হাতে গড়া মূর্তি, ভান-গঘের আঁকা ছবি, বন্ধুরূপী ঈর্ষাকাতর বহুরূপী, ও প্রকৃত বন্ধু সবই দেখেছি।

আর দেখেছি ভালোবাসা। যা দেখার পর, জানার পর, বোঝার পর, এই জীবন স্বার্থক হয়েছে। সারা জীবন এই ছাদে বসে থাকলে শুধু কমলা লেবুর খোসা ছাড়ানোই হতো। 




Sunday, January 17, 2021

দুই-এ চন্দ্র

সন্ধ্যারতির সময় তোমায় খুঁজেছিলাম

অনেক মানুষের ভিড়ে, পবিত্র এক ক্ষনে

শুধু ছিলাম আমি, সাথে হাত ধরে প্রেম

যে বড় হয়ে ওঠেনি একা ঘোরার মতো।

মন্দিরের দালানে ছিল ধূপের বাষ্প

ছলছল চোখে ছিল গোধূলির অভিমান

আর চাঁদ? ফুটেছিল এক ফালি, আমার ঠোঁটে

বুঝেছিলাম অনন্ত আছে, অমাবস্যা-পূর্ণিমার মাঝে।

Saturday, January 9, 2021

শীত

শীত নেমেছে আমার শহরে আবার,
রাস্তায় তাই পুল-ওভারের ভীড়
প্রেমিকরা আজ ব্যস্ত ঘরের ভেতর
বাজারে নেই ঠোঁটের বোরোলিন।

পাড়ার রকে দেখছি না কোনো মাথা
রিকশায় নেই তোমার দুটো চোখ
মুখোশ পড়ে আজও ঘুরছি আমি
ঠোঁট কাটলে, চাইনা নিন্দা হোক।

তোমার কাছে রাখতে গেলাম খাতা
দেখতে পেলাম তোমার টেবিল ভরা
কালীর দোয়াত ইতিহাসে ঢেলে দিয়ে
অঙ্ক বই-এ সেই পড়লাম ধরা।

আমাদের নিয়ে গান লিখলো কবি
তোমার আলমারিতে অনেক নতুন ছবি
শীত নেমেছে আমার শহরে আবার
বউ বলছে, হয়েছে অনেক, আয় এবার শুবি।

Thursday, January 7, 2021

Mask

 I have a mask,

Hidden in my pocket.

I have an aviator,

Deep inside my bag.

I have a pull over,

Wind speaks to my chest.

I have a head-ache

And it's unsafe to say,

I have a face,

That I wear everyday.

Sunday, December 27, 2020

ঝড়

 ঘুম আসে না মাঝ রাতের পর

শেয়াল ডাকে, দূরে, কুয়াশার গভীরে

ব্যাথা জমে বুকে, বদ্ধ লাগে ঘর

যত্ন নিতে পৃথিবীর নেমে আসুক ঝড়।

সাথে আনুক বৃষ্টি দু' ফোঁটা

মিশে যাক চোখের কোনে আজ

ধুয়ে দিক সব অশান্তি তোমার

ফিরিয়ে দিক, তোমায় শৈশবের সাজ।

যদি হয়ে যায় পথে ভুল ত্রুটি কিছু

মিলিয়ে যাক সেসব ঈশ্বরের পায়ে

আমার বলতে থেকে যাক শুধু সত্য

যার ঈশ্বরই আজ একমাত্র আশ্রয়।

পড়াশোনা করে যে

চাকরি নেই, তাই সমাজে শিক্ষার স্তর যাচ্ছে বেড়ে
আমিও ঘরে ফিরি, রোজ বড় সাহেবের কড়া নেড়ে
পড়াশোনা করা বাঙালি সন্তান, চড়ি বিলিতি গাড়ি ঘোড়া
বাড়িতে যদিও সোফার স্থানে এখনো বেতের মোড়া
পেটে পড়ে ভাত, মাছের ঝোলে কখনো সর্ষে, কখনো ফুলকপি
বলতে পারিনা মুখটা খুলে, বাজারে আজও বেচে এলাম দুটো টুপি
টাকা আসে হাতে, চোখে ঘুমের বদলে নামে অন্ধকার
কালও সকালে শুনতে পাবো শিক্ষার জয়জয়কার।

Saturday, December 26, 2020

রাস্তা

দুদিনের বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তা গেছে ক্ষয়ে
সরকারি ছুটি, তাই আর্জি জমা করারও বন্দবস্ত নেই।
কি করবো, হাঁটতে তো হবেই। তাই পড়েছি বেড়িয়ে
গুদাম ঘর খুলে, লাঙ্গল-কোদাল হাতে নিয়ে;
শুঁকিয়ে যাওয়ার আগেই ক্ষয়ে যাওয়া মাটি ফিরিয়ে দিতে
যাতে আবার রাস্তা হয়ে যায় মজবুত, আগামী বৃষ্টির আগে।

তৈরি আছি বটে, তবু আলস্য ঘিরে ধরছে আমায়।
ভাবছি, এক সাথে এই রাস্তা মেরামত করলে কেমন হয়?

Thursday, December 24, 2020

কেক

 রক্ত বলে, "সাজিয়ে নিয়ো আমায়,

ফুলের তোরার নকশিকাঁথা ধরে।"

আঙুল বলে, "ধরবো আবার কোথায়?

হাত কেটেছে শীতের ট্রেনের ভিড়ে।"

শহর খোঁজে অজুহাত কিছু নতুন

বছর শেষে হয়নি ব্যাবসা তেমন,

মিথ্যে তাই তুমিও জ্বালছ আগুন

মনের মধ্যে পাথরের তাপ যেমন।

আমার কাছে থাকছে না কোনো কথা

স্বাধীন হয়েও থাকছে বন্ধ ঘরে

তোমার না হয় রাত্রি কাটবে তারায়

আমরা বাঁচি শ্রীজাত-র হাত ধরে -


"পেরেক থেকে গড়িয়ে নামে ক্ষমা

রক্ত বুঝি ঝরিয়ে দেওয়াই কাজ

এক পৃথিবী আগুন রেখে জমা

সব ধর্মই কেক কাটলো আজ।"

Wednesday, December 23, 2020

Hymns of Winter

 O Life, you are a strange beast.

Colourful in faded winters,

You seem so distant, but human still.

Like the hummingbird on my mango tree

You arrive, and sing in moments free.

I sit on the roof, Sun and shade

Glancing through leaves, silent and tamed.

Through goodbye hymns of a vanishing haze

I realize on this tired, desolate day :


There's always a bird in the sky

If we stare long enough for signs of life.

Wednesday, December 9, 2020

তারারা খসে পড়ে না

তারারা খসে পড়ে না 

ক্ষয়ে যায়, মহাশূন্যের ঔদাসীন্যে 

বোঝাতে চায় অস্তিত্ব; জ্বলে,পুড়ে 

জ্বালিয়ে, পুড়িয়ে; জীবন দিয়ে, নিয়ে 

নিজের অবশেষ খুঁজে বেড়ায়। 

অথচ ভাবো, যদি কোনো তারা না থাকতো ?

এই মহাশূন্যের অস্তিত্ব যেত কোথায় ?

নিভে যাওয়া তারার বুকে যদি হাঁটা যেত

থার্মোমিটার নিয়ে যেতাম আমার সাথে,

থেমে যাওয়া স্পন্দনে দিতাম নতুন প্রাণ 

সময়ের অপেক্ষা, মৃত্যু বলে কিছু হয় না।

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...