Wednesday, July 10, 2019

মহাবিশ্ব ১

যারা আমায় প্রেমিক বলে
আমার প্রেম নিয়ে তাদের আদৌ কি ধারণা,
জানতে ইচ্ছে হয় মাঝে মাঝে।
কথা তো অনেক আছে আমার কাছে
কিন্তু সুর বা ছন্দ কোনোটাই নেই;
যা নেই, তার আফসোসও এখানে নেই।

প্রেমিকারা জানে আমি কি, আমার ছোঁয়া কেমন
তারা জানে আমার চোখে সত্যি কি, মিথ্যে কি
তারা জানে তাদের কোন গভীরে আমার প্রশ্রয়,
কোন ক্ষত চিরকালের জন্য আমারই নাম গায়;
তারা শুধু জানে না তোর জায়গাটা ঠিক কোথায়।

তাই এই ত্রিভুজ মহাবিশ্বে অন্যেরা সবাই এক কোনে
ধরে নে, অতিশিক্ষিত ভাষায় কোম্প্যাক্টিফিকেশন প্যারাডাইম।
অন্য দুই কোন খুবই সাদা মাটা, ওয়ান ডাইমেনশনাল লাইন
এক কোন আমার, অন্য কোনে তুই, আর মাঝে তো সেই
চোখের নিচে কালশিটে, ফুলে ওঠা ঠোঁট, দীর্ঘশ্বাস
সখে কি আর বলি, আমার মহাবিশ্ব স্নিগ্ধ। সম্পূর্ণ। তুই।

Monday, July 1, 2019

অসময়ে

আজকাল সকালে উঠে আর বাহির আমাকে চায় না
চাদর লুকিয়ে রাখে কত জঞ্জাল বিছানায়
স্নানের ঠান্ডা জল হয়ে গেছে কবে যেন বাষ্প
গরম জলে যদি জমে থাকা দাগ ধুয়ে যায়
সকালের খালি পেটে দুপুরের খিদে আজও পায় না
সকালের জমা ঘুম আসে তবু দুপুর বেলায়
বিকেলের রঙ কবে যেন হয়ে গেছে ফ্যাকাশে
সন্ধ্যের খোঁজে দিন রাত সবই ধুয়ে যায়।

আরও কত কত লোক দুবেলা দু মুঠো খায় না
আরও শত শত বছর কাটবে এভাবেই
বড়লোকে চিৎকার করবে ঘরের অন্ধকারে
শুধু প্রতিবাদ গলে গলে পানীয় সোশ্যাল মিডিয়ায়
আজ ক্লান্ত দু চোখ তাই বিছানায় ফিরে যেতে চায় না
পাছে প্রেম এসে অকারণে বাস্তব ভুলিয়ে দেয়
বিসর্গ, অনুস্মরের যন্ত্রনা হঠাৎ খুঁজে পেয়ে
আজও অসময়ে অঞ্জন গান লিখছেন রাস্তায়।

Sunday, June 30, 2019

কি আছে কি নেই

এখানে আলো আছে, আঁচ নেই
নদী আছে, সেতু আছে, নৌকো নেই
ঘুম আছে, কাজ আছে, সন্ধ্যে নেই
ফল আছে, মাছ আছে, ক্ষিদে নেই
মেঘ আছে, বৃষ্টি আছে, বর্ষা নেই
ট্রাম আছে, কবিতা আছে, হাওয়া আছে,
আছে জমে থাকা কাপ, জনমগ্ন কাফে
আছে জমতে থাকা শব্দের পুড়তে থাকা বর্তমান ,
আগামীর পাতায় উল্টে যাওয়া ইতিহাসের অভিমান;
আছে নতুন দীর্ঘশ্বাস, না থাকার ভিড়ে থাকার অবকাশ
 আছে প্রত্যাখ্যাত ছন্দের ক্ষত, আছে আরও কিছু মাস
কবিতার শুরুতে ভেবেছিলাম তুমি শুধু নেই
শেষে কবিতাও তোমার প্রেমে পড়লো সেই।

Saturday, June 29, 2019

শিক্ষিত বস্তি

আমার কাউকেই ভালো লাগে না, আশ্চর্যের কিছু নেই
মানুষ নামে কলঙ্ক ঘুরে বেড়াচ্ছে ভেতরে বাইরে
যেখানেই দেখি বিরক্তি অতিরিক্ত কিছুই খুঁজে পাই না
শুধু কৌতূহলের মশলায় চচ্চড়ি হতে বসেছি।
কি ইচ্ছে জানার আমি কার প্রেমে পড়ে আছি
নির্লজ্জ সমাজ। থুতু ফেললেও বোধহয় তা কালো হয়ে যাবে,
অথচ এদের যতই সর্দি লাগুক, মনের ময়লা দূর হবে না,
এরা এরকমই থাকার জন্য জন্মেছে, শিখেছে, এরকমই থাকবে।

Thursday, June 27, 2019

খেলা-ধুলো

তুমি বললে চাঁদেও কুমির-ডাঙা খেলতে পারি।
মুখ বুজে খেতে পারি কাঁচকলার তরকারি।
মিঠে হাওয়ায় ব্যালকনিতে আম খায় কোন মামনি
কচি প্রেমিকের হৃদয়ে বেজে ওঠে সংখ্যধ্বনি
গান ধরে রেডিও, আলো রাতে খুঁজে ফেরে বাড়ি
খোলা আকাশের প্রেমে কোথাও আটকে যায় ঘুড়ি।

আমি অবশ্য এসব পারি না, কি পারি তাও জানিনা
তাই বোধহয় আমারও " হাহুতাশ গেলো না।"
উপায় তো নেই তোমার গাল আলতো ছোঁব ঠোঁটে
সহ্য তো তুমিও করছো কিছু ব্যাথা গাঢ় এক চোটের।
এসো, লুডোর থালা সাজিয়ে আবার তিন ছক্কা ফেলি
বঙ্গ, মৃদঙ্গ যা বাজছে বাজুক, আমরা বন্ধু বন্ধু খেলি।
                             এখানে নিয়ম শুধু তুমি বানালে খেলা শুরু হতে নারাজ 
                             যদিও সব খেলাই শেষে তোমার আঙুল ছোঁয়ার অজুহাত
                            আজকাল নাকি নিয়ম হয়েছে শুনি প্রেমে পড়া বারণ
                            পোড়া মহাভারতের রাবনরা গুলে খেয়েছে রামায়ণ।
                           সীতার বনবাসে কঙ্কাল জুটে যায়, রাম করে না দরাদরি
                            মাটিতে মিশবে না তুমি কখনও, শুধু এইটুকুই আমি জানি।

Tuesday, June 25, 2019

প্রেম

সন্ধ্যে না নামা শহরের কোলে ফুচকা বিক্রি হয় না
হাতে হাত থাকে বটে, প্রেমের মেলেনা ঠিকানা
রাত আসে, সকালে মেলানোর জন্য
ক্লান্ত সকাল ফাঁকা পকেটে আগুন খুঁজে পায় না।
তোমার ঘুম ভাঙে; আলোয় না, ফিরে আসা শব্দে
গোলাপি ঠোঁটে চুলের আড়মোড়া, নির্বাক তুচ্ছ বায়না।

আঙুল প্রেমিক, হাওয়ায় আঁকে ঠোঁটের জোয়ার ভাঁটা
এলো চুল অহংকার ছায়া, স্বরচিত মৃদু মরীচিকা
এগোতে তাই ভয়, পাছে অহংকারের ঘুম ভেঙে যায়
গলে যায় প্রেমিকের মোম, জমে যায় ব্যাকুল হৃদয়।

প্রখর গরমে ভেজে দিন, ভুলে যেতে হয় গল্পের শিরোনাম
বেঁধে রাখো চুল, খাঁচা বন্দি প্রেমিকের মন বড্ড ছিমছাম।

অন্য শহরে রাত জাগো তুমি, তারায় তারায় মোড়া
থেকে যায় শব্দ, থেকে যায় সব, শান্ত ছিল যারা।

মিলে মিশে যায় কবিতার ক্ষত, উপহাসে ঢাকা বুক ;
স্পর্শকাতর চা নীরবে খোঁজে দিনের প্রথম চুমুক




মহাশহর

বড় শহর, ইতিহাসকে মুঠোয় রাখা শহর
জঞ্জালকে ঘর দিতে পারা মহাশহর;
রাস্তায় তারার মেলা বসাতে সক্ষম শহর।
গাছ, মানুষ, কংক্রিটের অহংকারের শহর।
প্রাণপনে বাঁচতে চাওয়ার শহর, হাহাকারের শহর।
এ শহর মজবুতির শহর, মেরামতের শহর।
শুধু স্নিগ্ধতা খুঁজতে গেলেই ছন্দ ভেঙে যায়।।

Sunday, June 23, 2019

বোবা

এতো শব্দের ভিড়ে
তোমার জন্য শুধু একটাই গান লিখতে চায়
সে গান কিছুতেই আসে না,
তাই ভাষা খুঁজে পেয়েও বোবা কণ্ঠ হারায়।

গানের খাতায় নীল
অঞ্জন, মহীন , সুমন বা অনুপমের ফাঁকা ফ্রেম
কোথাও ঘাপটি মারা অভিমান,
কোথাও শ্রীজাতর ছাটে ভেজা এক-দু পাতা প্রেম।

ভেসে যায় চোখ, ঝরে যায় সময়ের বালি
বোঝে না বোবা
ছোঁয়া পাওয়া হাতও কেন থেকে যায় খালি।

মুঠোর চেয়েও ছোট যে হৃদয়
জানে না বোবা তার আসল পরিচয়
দিন দিন বাড়ে রক্তের চাপ
হায়! এতো কথা সে জমায় কোথায়?

Saturday, June 22, 2019

অন্তরীক্ষ

অন্তরীক্ষ; দুটি ক্ষুদ্র তারার মাঝে অসীম তার ব্যাপ্তি।
দুটি তারা, আপন আলোয় আপন বৃত্তের কান্ডারী যারা
কাছে আসা মানেই যাদের দূরে সরে যাওয়া।
অন্তরীক্ষ, আলোয় হারানো কিছু আলো খুঁজে পাওয়া।

সব তারা পোড়ে না, হঠাৎ যায় গুটিয়ে
ভয়ানক আঁধারে আলো শোষে চুটিয়ে;
তরঙ্গ ছুটে আসে প্রানপনে পালিয়ে
কোন বীনা নেবে তারে সংগীতে সাজিয়ে?

ধিকি ধিকি রাতে জ্বলে হৃদয়ের কূপ
ধূলো ঢাকা তারারা আজ ধংসস্তূপ।
পাহাড়ের হাহাকারে ফোটে ঝর্নার রূপ
ভালোবাসা নতমুখে থেকে যায় চুপ।

Sunday, June 16, 2019

কঙ্কাল

কঙ্কাল হতে গেলে মাংস হারাতে হয় না।
রক্ত, মাংস, চামড়া, নিদ্রা, কিছুই হারাতে হয় না।
সুপুরুষ, রাজকীয় তেজ থাকলেও মন্দ নয়,
বরং সে তো প্রতিভার পরিচয়।
কঙ্কাল হতে চাইলে শুধু একটি বলিদান চাই।
ভেবে দ্যাখো তো, আমরা কি আদৌ কঙ্কাল নই?

অনেকেই ভাবে মৃত্যু আসলে দ্বার মাত্র;
ধর্মের শ্মশানে পুঁথির চিতা প্রতিনিয়ত
তন্ত্র সাধনায় লিপ্ত হয়ে জন্ম দিচ্ছে কঙ্কাল,
তুমি, আমি ভিন্ন কে বইছে শুনি সে মশাল?

দেখতে পাচ্ছ না, অসংখ্য শেয়ালের আত্মা?
লোলুপ দৃষ্টি, শুধুই নতুন দেহের অপেক্ষা;
আরও একটি দেহ, যার কঙ্কাল বানাচ্ছ তুমিও
এই মহামারী জল চেয়েছিল ঘাটে। পেয়েছিল?

কঙ্কাল কঙ্কালে মঞ্জিরা রেষারেষি
করতালি দেবে সেই কঙ্কালই পাশাপাশি
আমি দেবো, তুমি দেবে; দেবে গুরুজন
অন্ধ কঙ্কালের খুঁজেছো কি মন?

কে বলে, রাত কালো, দিনে যত আলো?
রাত দিনে মিলে মিশে জোট করে ভালো।
দিন মানে স্বর্গ, পাতালের রাত?
আয়নার সামনে ছাড়ো দেখি বাত!
হাঁড়ির বুকের আঁচে ফুলে ওঠে ভাত
তবু ভালোবাসা ছোঁয়না কঙ্কাল হাত।

তাই আমি আছি, তুমি আছো, রাত্তির জেগে
অনুমানে অসংখ্য তারারাও ভোগে।
কোথাও হারিয়ে গেছে খেলনার তাক
এই কঙ্কাল সমাজে সে হারিয়েই থাক।।

সমস্যা

সমস্যা কি, তা আমি বুঝিনা।
সত্যিই বুঝিনা, চেষ্টা করেও বুঝতে পারিনি।
প্রাচুর্যে শৈশব কেটেছে আমার
তাই সমস্যা কাকে বলে, আমি চিনতে শিখিনি।

আমার কাছে সমস্যা মানে প্রেম
তোমার কাছে এই সমস্যা হয়তো হাস্যকর,
আন্দোলনের লাল ওড়না তোমার শিখা
আর আমি? আমি শুধু পূবের শীতল হাওয়া ।

আমার শব্দেও তাই তুমি আর আসো না
এখানে নিজের জায়গা করতেও অনিচ্ছুক।

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...